বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদঃ
পিরোজপুরের নেছারাবাদে দুই মাথা নিয়ে একটি শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে স্থানীয় জাহানারা হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে জন্মের মাত্র চার ঘণ্টা পর রাত ১টার দিকে শিশুটি মারা যায়।
জাহানারা হাসপাতালের পরিচালক মো. রুহুল আমিন আকন জানান, বিকেলে প্রসূতি চৈতি মন্ডল (২০) হাসপাতালে ভর্তি হন। আলট্রাসোনোগ্রামে দেখা যায়, তার গর্ভে জমজ শিশু রয়েছে বলে ধারণা করা হয়। পরে চিকিৎসক নরেশ চন্দ্র বড়ালের পরামর্শে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করা হয়।
প্রসবের পর দেখা যায়, শিশুটি দুটি মাথা বিশিষ্ট এক পুত্রসন্তান। জন্মের পর চার ঘণ্টা জীবিত থাকার পর মৃত্যু হয় তার। ডা. নরেশ চন্দ্র বড়াল জানান, এটি “পলিসেফালি” নামে এক বিরল জন্মগত ত্রুটি, যেখানে একটি শরীরে একাধিক মাথা গঠিত হয়। শিশুটির অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল।
চৈতি মন্ডল পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী এবং তার বাবার বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রোঙ্গাকাঠি গ্রামে। বর্তমানে শিশুটির মা সুস্থ আছেন এবং জাহানারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুই মাথাওয়ালা শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উৎসুক জনতা হাসপাতালে ভিড় জমায়।