কাউখালী প্রতিনিধিঃ
কাউখালীতে গ্রাম আদালত সক্রিয় করণ ও আদালত সুশৃংখল ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য উপজেলার সদর ইউনিয়ন ও আমরাজুরি ইউনিয়নের গ্রাম আদালতের নবনির্মিত এজলাস স্থাপনা করা হয়েছে। পূর্বে গ্রাম আদালতে বসার কোন ব্যাবস্থা ছিল না। ফলে অস্থায়ীভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে উপজেলার দুইটি ইউনিয়নে গ্রাম আদালতের এজলাস তৈরি করা হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল দশটায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত গ্রাম আদালতের এজলাস পরিদর্শন করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম সচল থাকলে এলাকার ছোটখাটো বিরোধ মীমাংসা হয়ে যাবে, এলাকার সমস্যা এলাকার ভিতরে সমাধান হলে সকলেরই মঙ্গল হবে।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম আদালত একটি প্ল্যাটফর্ম যেখানে বসে বিচার কার্যক্রম পরিচালনা করলে, এলাকার সাধারণ জনগণ উপকৃত হইবে। মামলার জট কমে যাবে। আদালতে মামলা হলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। গ্রাম আদালতে মাধ্যমে ফয়সালা হলে সম্পর্ক ঠিক থাকে এবং মামলা পরিচালনা করতে কোন টাকা পয়সা লাগে না। এজন্য গ্রাম আদালত সচল রাখতে হবে।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল জানান, সপ্তাহে প্রতি বুধবার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বসে।