বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন জিয়া ময়দানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
তিনি বলেন, “দেশে প্রাণিসম্পদ খাত এখন আর পিছিয়ে নেই। বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ও সরকারি সহায়তায় খামারিরা স্বাবলম্বী হচ্ছেন। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে এই খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন খামারি ও প্রতিষ্ঠান পরিচালিত স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধজাত পণ্যসহ নানা প্রযুক্তিনির্ভর উপকরণ প্রদর্শিত হয়।
মেলায় বিভিন্ন ধরনের প্রাণীর সমন্বয় ৩০ টি স্টল প্রদর্শিত হয় এবং প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়।